জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সঙ্গীত পরিবেশনার আয়োজন করেছে গণযোগাযোগ অধিদফতর।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে অধিদফতরের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

গণযোগাযোগ অধিদফতরের নিজস্ব সঙ্গীত দল দু’টি উপদলে বিভক্ত হয়ে ট্রাকযোগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় দেশাত্মবোধক ও জাগরণমূলক সঙ্গীত পরিবেশন করে।

রাজধানীর গণযোগাযোগ অধিদফতরের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অধিদফতরের মহাপরিচালক মো: আব্দুল জলিল। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার শক্তিশালী প্রকাশ। বিশ্বের যেকোনো ইতিবাচক পরিবর্তনের পেছনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যায়, অনিয়ম, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই যুগে যুগে সোচ্চার হয়ে সমাজে পরিবর্তনের পথ তৈরি করেছে এবং জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ২০২৪ সালে কোটা সংস্কার-সংক্রান্ত একটি রায়কে কেন্দ্র করে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। বহু প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় রচিত হয়, যা জনগণের ক্ষমতায়নের আকাঙ্ক্ষাকে আরো সুদৃঢ় করেছে। তরুণদের এই ঐতিহাসিক লড়াই আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মো: আব্দুল জলিল আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মর্মবাণী ধারণ করে গণযোগাযোগ অধিদফতরের নিজস্ব শিল্পীরা জাগরণমূলক সঙ্গীত রচনা ও পরিবেশন করেছেন। এসব গান মানুষের মধ্যে ইতিবাচক চেতনা, দেশপ্রেম এবং ভালো কিছু করার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ভ্রাম্যমাণ সঙ্গীত কর্মসূচির মাধ্যমে রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, তরুণদের সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হয়।

অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেনসহ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইউএনবি