দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রই সফল হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী দেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং পরিশুদ্ধ-জনবান্ধব সমাজ প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।’
শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে উত্তরা পূর্ব থানা জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘মানুষের তৈরি মতবাদ দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। আমাদের দেশ আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী পরিচালিত না হওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দেশে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসন পুরো জাতিকে অক্টোপাসের মত চেপে ধরেছিল। সে ধারাবাহিকতায় দেশে পাপাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। দেশ চলেছে ‘জোর যার মুলুক তার’ নীতিতে।’
তিনি বলেন, ‘পতিত সরকারের আমলে দেশে জনগণের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু আগস্ট বিপ্লবের পর সাত থেকে আট মাসে দেশের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আমাদের সমাজ-রাষ্ট্রে ইসলামী বিধান প্রতিষ্ঠিত না থাকায় দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। তাই দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করে গণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা।’
সেলিম উদ্দিন বলেন, দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে। মূলত, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোনো বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না। এমন ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’
তিনি বলেন, ‘দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে এবং দেশকে দুর্নীতিমুক্ত করা গেলে শুধুমাত্র দুর্নীতির অর্থ দিয়ে দেশকে পুরোপুরি দারিদ্রমুক্ত করা সম্ভব। আর দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানো গেলে জামায়াতই হবে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তিনি দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
লালমাটিয়ায় গণসংযোগ
দাওয়াতি গণসংযোগ পক্ষ উপলক্ষে মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে লালমাটিয়া এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগে মোহাম্মদপুর থানার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করা হয় এবং সকলের মাঝে জামায়াতে ইসলামীর প্রচারপত্র বিলি করা হয়।
গণসংযোগে থানা আমির জনাব মশিউর রহমান, থানা সেক্রেটারি আনিসুর রহমান, থানা অফিস সম্পাদক আব্দুল হাদীসহ থানার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শেরেবাংলা নগর থানা উত্তরে জামায়াতের পথসভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁও নতুন রাস্তার সংগীত কলেজের সামনে এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আামির, ২৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে উক্ত পথসভায় শেরেবাংলা নগর থানা উত্তরের নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, থানা অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিমসহ থানা কর্মপরিষদের অন্য সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।