আসন্ন ঈদুল ফিতরের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এ টি এম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় আট মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এ টি এম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।

তিনি বলেন, ‘আমরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন তিনি মুক্ত পরিবেশে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।’

প্রেস বিজ্ঞপ্তি