ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকে ইতোমধ্যেই দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। অবশেষে ৯ মাস পর দেশ ছাড়লেন তিনিও।
বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দায়িত্বশীল ওই সূত্র জানায়, রাত ১১টার দিকে বিমানবন্দরে আসেন আবদুল হামিদ। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।
কিশোরগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা, গুলিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫০ জনের নামে মামলা হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদেরও নাম রয়েছে।
তিনি আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।