বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।

আজ রোববার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কয়েকটি এরিয়াতে বিনিয়োগের জন্য তাদের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে সে সম্পর্কে জানতে চেয়েছেন।

আমীর খসরু বলেন, ‘রাশিয়ার সাথে আমাদের সস্পর্ক দীর্ঘ দিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কিভাবে সহযোগিতা হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’