বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (২২ জুন) এক ই-মেইল বার্তায় আইসিএপিপির মহাসচিব এ তথ্য জানান। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে ইসমাইল জবিউল্লাহর নাম প্রস্তাব করেন।
আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে মো: ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অংশ নেবেন।
এ সভায় এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, সুশাসন, গণতন্ত্র, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত আইসিএপিপি এশিয়া মহাদেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। সংগঠনটি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, আস্থা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। বাসস