সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে টেলিভিশন টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে প্রেসসচিব এ অভিযোগ তোলেন।

শফিকুল আলম লেখেন, আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের অন্যতম প্রধান উৎস হলেন গোলাম মাওলা রনি।

তিনি সময় টিভির একটি টকশোতে বলেছিলেন যে এরশাদ বিরোধী সংগ্রামের আমাদের কিংবদন্তি নায়ক নূর হোসেনকে এক জনতা হত্যা করেছে। সময় টিভির এক টকশোতে তিনি বলেছিলেন যে এরশাদ-বিরোধী সংগ্রামের আমাদের কিংবদন্তি নূর হোসেনকে জনতা হত্যা করেছে। আমরা সকলেই জানি, নূর হোসেনকে ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল।

প্রেসসচিব প্রশ্ন তোলেন, রনি কি ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?

শফিকুল আলম বলেন, টকশোতে আরেকটি দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে আরো জোরদার করেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।