সমাজের সকল মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তা দিয়ে আসছে বলে দাবি করেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতের মানবিক কার্যক্রম কোনো দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের রাজনৈতিক ও সাংগঠনিক চার দফা কর্মসূচির একটি হলো সমাজ সংস্কার ও সেবা। জাতীয় পর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জামায়াত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

জামায়াতে ইসলামীর চার দফার প্রথম দফা কর্মসূচি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘নৈতিক ও ইসলামী শিক্ষা ব্যতিত সৎ, আদর্শবান, চরিত্রবান ও মানবিক মানুষ তৈরী করা যায় না। সেজন্য জামায়াতে ইসলামী নৈতিক ও ইসলামী শিক্ষা প্রদানের মাধ্যমে সংগঠনের কর্মীদের সৎ, দক্ষ, আদর্শবান, চরিত্রবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। এজন্যই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি, দখলদারিত্ব করে না। যাদের রাজনৈতিক বা সাংগঠনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই তাদের নেতাকর্মীরাই চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি, দখলদারিত্বের পাশাপাশি এখন মানুষের গরু ছাগলও চুরি করা শুরু করেছে। জনগণ তাদের চিনে রেখেছে, জনগণকেই আগামীতে ভোটের মাধ্যমে সেই জবাব দিতে হবে।’

এ সময় জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো: শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কবির, ইউনিয়ন সেক্রেটারি মো: মুনিরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি