আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে। গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দিয়ে বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, ২৫ ঘণ্টা হয়েছে। গতকাল রাত ১০টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়, কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় তিনি তিন দফা দফা দাবি তুলে ধরেন-

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩.জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।