জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের নীলনকশা বাস্তবায়নে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আবার মাথা তুলে দাঁড়াতে চায়। বিমান দুর্ঘটনার সুযোগ নিয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। ভারতীয় ‘র’ এবং আওয়ামী সন্ত্রাসীরা সুযোগ খুঁজছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের। রাজনৈতিক ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমত থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে।

বুধবার (২৩ জুলাই) ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৩তম দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, কোর্ট স্টেশন, চরপাড়া মোড়, ময়মনসিংহ জিরো পয়েন্ট, পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

জাগপা নেতারা বলেন, ‘নির্বাচন ও সংস্কার সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। আমরা নির্বাচনের আগেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দেখতে চাই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দেখতে চাই। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের হাত থেকে নাজাত চাই। কোনো অবস্থায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং হিন্দুস্তানকে বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে দেয়া যাবে না।’

পথসভায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।