গাজায় ইসলাইলি হামলা বন্ধে জাতিসঙ্ঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ‘দখলদার ইহুদিরা গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। যা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। তাই গাজায় জায়নবাদী বর্বরতা মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’
শনিবার (১২ এপ্রিল) ঢাকার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সমাবেশের আগে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মো: শাহাদাত হোসাইন, এবিএম কামাল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য হাসান মাহবুব মাস্টার, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, অধ্যক্ষ মো: লুৎফর রহমান, অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, মুসলিম উম্মাহ সম্প্রতি ঈদ উদযাপন করলেও জায়নবাদী দখলদার বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত করছে। আন্তর্জাতিক আইন ও যুদ্ধনীতি চুক্তি লঙ্ঘন করে বিমান হামলা চালানো হচ্ছে গাজা নগরীতে। প্রতিনিয়তই মজলুম ফিলিস্তিনিদের রক্তে রঞ্চিত হচ্ছে গাজা নগরীর রাজপথ। দখলদার বাহিনীর জিজ্ঞাসা থেকে রেহাই পাচ্ছে না নারী-শিশু ও বৃদ্ধরা।
এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সেবা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোও ইহুদীবাদী জিজ্ঞাসা থেকে মুক্ত থাকছে না। তিনি গাজায় ইসরাইলী হামলা ও নির্মম হত্যা বন্ধে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। অন্যথায় বিশ্ব মুসলিম ঘরে বসে তামাশা দেখবে না।