চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ শেষে নবাবগঞ্জ কলেজ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

রোববার (২৩ নভেম্বর) সকালে সমাবেশ শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমটি পরিচালিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর আমির হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য একটি পরিষ্কার-পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ নগরী গড়ার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরো বিস্তৃত করা সম্ভব।’

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের সুরক্ষায় সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।