বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি (SAIDA Shinichi)।
সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানের রাষ্ট্রদূতের সাথে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বিশেষভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
এছাড়া দু’দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য যৌথ প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
বৈঠকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা ভবিষ্যতে দু’দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরো কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক, অবকাঠামো উন্নয়ন, উন্নয়ন সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও দু’দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে।
বৈঠকে উভয় পক্ষ দু’দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং দু‘দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।