রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো: করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
মো: করিম মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদি আমতলা এলাকায় বসবাস করেন। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। কয়েল কেনার পর করিম তুহিন নামে এক বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। পথে আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে করিমের দুই পায়ে দুইটি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে যায় বলে পরিবারের দাবি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি তারাই তদন্ত করছে।