নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর- আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌ-বাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি নৌ সদর দফতরে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান।
এরপর নৌ-বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌ-বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌ-বাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলা এবং নৌ-বাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নৌ-বাহিনী প্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।