রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি তোতা মালকে (৬২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর মীরহাজির বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার উত্তরাইল এলাকার বাসিন্দা মো: তামিমকে ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে তোতা মালসহ একটি দালাল চক্র ২০২৪ সালের ২৮ নভেম্বর তার পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে পাঠানোর পরিবর্তে প্রথমে তাকে শ্রীলঙ্কায় নেয়া হয়। সেখানে কিছুদিন আটকে রাখার পর অবৈধভাবে ভারতে পাচার করা হয়। পরে ভারত থেকে কেনিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের কাছে তাকে বিক্রি করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে তামিমকে মুক্ত করার শর্তে তার পরিবারের কাছে আরো ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে পরিবার বাধ্য হয়ে ৩ লাখ টাকা পরিশোধ করে। এ ঘটনায় তামিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ২০২৬ সালের ১৫ মার্চ মাদারীপুরের শিবচর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৫, ৬, ৭, ৮ ও ১০ ধারায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব আরো জানায় মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র‍্যাব-১০-এর কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর মীরহাজির বাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচারের মতো অপরাধ দমনে র‍্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।