টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির পর অবশেষে সোমবার কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন প্রত্যাহার করে নেয়ার পর সারাদেশের সব ট্যাক্স, ভ্যাট ও কাস্টম হাউজগুলোতে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।

সকালে এনবিআরের চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকেই সব কাস্টম হাউজগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা ফিরে যাওয়ায় অপারেশন শুরু হয়েছে। যে কর্মবিরতি ছিল সেটা তারা প্রত্যাহার করায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি কাজ করছে বলে মনে করি। ট্যাক্স, ভ্যাট, কাস্টম হাউজ সবাই কাজ করছে।’

‘যা কিছু হয়েছে ভুলে গিয়ে’ রাজস্ব আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান আব্দুর রহমান।

তিনি বলেন, ‘যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করবে। যে কাজগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি, আর এ ধরনের বড় কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হবে না।’

রাজস্ব কর্মকর্তাদের অতীতের মত দক্ষতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করে রাজস্ব আদায়ের কাজগুলো চলমান রাখার আহ্বান জানান তিনি।