রাজধানীর বনানীতে ভাড়া চাওয়ায় বাড়িওয়ালা আনিসের স্ত্রী মনি খাতুনকে (৩৫) মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ মার্চ) বনানীর আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় মনিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আনিস বলেন, ‘সন্ধ্যার দিকে আমার স্ত্রী মনি ভাড়াটিয়া সুলতান মিয়া ও তার স্ত্রী মমতাজের বাড়ি ভাড়ার বকেয়া ৪০ হাজার টাকা চাইতে যায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান মিয়া ও মমতাজ আমার স্ত্রীর পেটে লাথি মারে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মেরে তাকে আহত করে। পরে আমি খবর পেয়ে শিগগিরই তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।’
তিনি বলেন, ‘আমি একটু লেখাপড়া কম জানি তাই আমার ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ হিসাব আমার স্ত্রী রাখতো। আমার একটা ১১ বছরের মেয়ে আছে, এখন আমার ব্যবসা-বাণিজ্য এবং আমার সন্তানকে কে দেখবে? আমি হত্যার বিচার চাই।’
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মনি খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’