অভিজ্ঞ ব্যাংকার ড. মো: তৌহিদুল আলম খান সোমবার (৫ মে) এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে যোগদান করেছেন।

এর আগে, ব্যাংকিং খাতে ৩২ বছরেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন ড. তৌহিদুল আলম খান ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ড. তৌহিদুল। পরবর্তীতে প্রাইম ব্যাংক এবং ব্যাংক এশিয়ায় তিনি প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান ঋণ ঝুঁকি কর্মকর্তা (সিআরও) এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রাইম ব্যাংকে তিনি সিন্ডিকেশনস অ্যান্ড স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিন্ডিকেশন ফাইন্যান্সিং-এ লিড অ্যারেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী ড. তৌহিদুল আলম খান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ফেলো। ব্যাংকিং সেক্টরে জিআরআই পদ্ধতিতে টেকসই ঋণ ঝুঁকির উপর গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের প্রথম সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাসিউরার (সিএসআরএ) হিসেবে স্বীকৃত এবং শিক্ষা ও গবেষণামূলক অবদানের জন্য অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।