হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ও মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে হাফেজ নাঈম বিন রফিক (২৪) ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনা মুনাওয়ারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে, যা ইতোমধ্যে চতুর্থ স্তরে পৌঁছায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-ওতানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার স্ত্রী, মা-বাবা, দুই ভাই ও এক বোন রয়েছে।
রোববার বাদ জোহর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
মরহুমের মাগফিরাত কামনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী শোক প্রকাশ করেছেন।
এদিকে, মরহুমের বাবা মাওলানা সাইয়েদ সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী তার সন্তানের রূহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।