তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমে সরকারের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা হলে সরকার আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে। তিনি বলেন, যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু এটার প্রতিফলন নিউজে কখনো দেখিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সরকারের ৬ মাসের বিশেষ অর্জন বিষয়ে তথ্য অধিদফতর প্রকাশিত ‘আই হ্যাভ এ প্ল্যান: গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
এ সময় গণমাধ্যমকে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আপনারা যখন পজিটিভ নিউজ করবেন, আমরা কিন্তু এনকারেজড হবো, সরকার এনকারেজড হবে। আমরাও তো মানুষ। আমাদের যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন, তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো।
সরকারের সমালোচনার অধিকার গণমাধ্যমের রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য গণমাধ্যম যা তুলে ধরতে চায়, তা প্রকাশের স্বাধীনতা রয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা সবার আছে এবং গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে।
একইসাথে সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য রয়েছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা পার্থক্য আছে, একটা লাইন আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ কিংবা কোনো কিছু প্রচার করা ঠিক নয়।
সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচারের বিষয়েও নতুন নির্দেশনার কথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিটিভি, সংসদ টিভিসহ সরকারি টেলিভিশনগুলোতে শুধু সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের খবর প্রচার করা হবে না। আনুপাতিক হারে সংসদের বিরোধী দলের সদস্য এবং সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর খবরও প্রচার করতে হবে।
তিনি বলেন, অন্তত উনাদের কথা, যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র।
সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিদ্ধান্তটি কার্যকর করতে মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট ফান্ডের অনুদান দ্বিগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জন্য ইতোমধ্যে এক কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।