ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৬ মার্চ) বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষ্মীপুরগামী নীলাচল পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহনে দু’জন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহনকে এবং মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহনে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় চার হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও, ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনাকালে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র : বাসস