জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ, ২০২৫’ নিয়ে দু‘টি প্রশ্নে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
আজ বৃহস্পতিবার ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ প্রস্তাব উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, `জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু তা এখন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে।‘
তিনি আরো বলেন, জনগণের মতামত যাচাইয়ের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে গণভোট।
দলটির প্রস্তাব অনুযায়ী, গণভোটে থাকবে দু‘টি পৃথক ব্যালট। প্রথম ব্যালটে অন্তর্ভুক্ত থাকবে এমন সংস্কার প্রস্তাব, যেগুলোর বিপক্ষে চার বা তার কম রাজনৈতিক দল ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে। দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবসমূহ।
আপ বাংলাদেশ সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদকে সমর্থন জানিয়ে আরো প্রস্তাব করে, গণভোটটি যেন আগামী জাতীয় নির্বাচনের দিনেই আয়োজন করা হয়।
দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়, `জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষির নয়, জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।‘ বিজ্ঞপ্তি