বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ফারুক আহমেদ।
মঙ্গলবার হাইওয়ে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, জাতিসঙ্ঘের লাইবেরিয়া ও দারফুর শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনায় তিনি পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ৪ জুন ২০২৬ তারিখে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেছেন।
হাইওয়ে পুলিশের সব স্তরের কর্মকর্তা ও সদস্য নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একইসাথে সড়ক পরিবহন খাতের সংশ্লিষ্ট মালিক-শ্রমিক সংগঠনসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করা হয়েছে।