সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসাথে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৬ জুলাই রাতে সাভারে এনসিপির সমাবেশে সংঘটিত হামলা ন্যক্কারজনক। তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের হামলা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের অংশ এবং রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। তারা হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং একজন ‘জুলাই শহীদের’ বাবাসহ আহতদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে আরো বলা হয়, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

একটি পূর্বঘোষিত রাজনৈতিক সমাবেশে এ ধরনের হামলাকে প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সশস্ত্র হামলা দেশের নিরাপদ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই হামলায় জড়িত ব্যক্তি এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এছাড়া ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়।