হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয় দিয়ে স্বল্পমূল্যে আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য দেয়ার প্রলোভন দেখিয়ে ৩০ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মো: ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারকে (২৮) গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গত ৫ জুলাই দিবাগত মধ্যরাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি বিশেষ দল রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ঢাকার একটি বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠানের কর্মী। প্রতারক চক্রটি প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেদের বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং পরে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। পরে তারা দাবি করে, বিমানবন্দরের অকশনে জব্দ বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য বাজারদরের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে। পাশাপাশি প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবনবীমার পলিসি নেবেন বলেও আশ্বাস দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে।

প্রতারণার অংশ হিসেবে সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল কাগজপত্র সরবরাহ করা হয়। এসব নথিতে বিশ্বাস করে ভুক্তভোগী ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল ও ৫৪৩টি ল্যাপটপ কেনার জন্য দুইটি ব্যাংক হিসাব ও তিনটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে বিভিন্ন ধাপে মোট প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা পাঠান। টাকা নেয়ার পর কোনো পণ্য সরবরাহ না করে প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ঘটনার পর ভুক্তভোগী রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। প্রযুক্তিগত তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে গ্রেফতার ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম জব্দ করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে প্রতারক চক্রটির অন্যান্য সদস্য, ব্যবহৃত ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং প্রতারণার নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া গ্রেফতার ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার রাজধানীর ভাটারা থানার একটি ডিজিটাল প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।