জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে যে- আমদানি ও রফতানির জন্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) জমাদান ১ জুলাই ২০২৫ থেকে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডাব্লিউ) সিস্টেমের মাধ্যমে বাধ্যতামূলক করা হবে।
এনবিআর -এর একটি প্রকল্পের অধীনে বাস্তবায়িত, বিএসডাব্লিউ হচ্ছে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবসাগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সকল প্রয়োজনীয় সিএলপি -এর জন্য প্রযোজ্য হবে।
সোমবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এই সুবিধা ব্যবহার করতে আমদানিকারক ও রফতানিকারকদের www.bswnbr.gov.bd এ তাদের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে নিবন্ধন করতে হবে।
এনবিআর জানিয়েছে, বিএসডব্লিউ সিস্টেম দেশের বাণিজ্য পরিবেশের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ১৯টি মনোনীত সরকারি সংস্থার দ্বারা একযোগে সিএলপি প্রক্রিয়াকরণের জন্য একটি একক অনলাইন প্ল্যাটফর্ম। এতে বৃহত্তর স্বচ্ছতা, দ্রুত ও আরো সাশ্রয়ী বাণিজ্য কার্যক্রমের জন্য ব্যক্তির আদান প্রদান হ্রাস এবং দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ৩০ জুন, ২০২৫ পর্যন্ত, বিএসডব্লিউ-এর মাধ্যমে মোট ৩ লাখ ৮৯ হাজার ১৫টি সিএলপি স্বয়ংক্রিয়ভাবে জারি করা হয়েছে, যার মধ্যে ৮৫.৯৭% এক ঘণ্টারও কম সময়ে এবং ৯৪.৬৩% এক দিনের মধ্যে প্রক্রিয়াজাত করা হয়েছে।
যে ১৯টি সংস্থাকে এখন বিএসডব্লিউ-এর মাধ্যমে সিএলপি জমা দিতে হবে তাদের মধ্যে রয়েছে- ডিজিডিএ, ইপিবি, ডিওইএক্স, বিএনএসিডব্লিউসি, বেজা, বেপজা, ডিওই, বিএসটিআই, বিএআরএ, বিএইসি, সিএএবি, বিটিআরসি, ডিওএফ, ডিএলএস, পিকিউডব্লিউ, বিআইডিএ, বিজিএমইএ, বিকেএমইএ ও সিসিআইএন্ডই।
এছাড়া আমদানি-রফতানি বাণিজ্যের সাথে জড়িত সকল স্টেকহোল্ডারদের ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেমের কার্যকর বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে যাতে শুল্ক ছাড়পত্র প্রক্রিয়া আরো মসৃণ ও দক্ষ হয়।