পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে মঙ্গলবার (৬ মে) একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পালের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতটি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট অভিযান টিমে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো: শামসুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিনে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আটটি মামলার মাধ্যমে ১১ হাজার পাঁচ শ’ টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়।পাশাপাশি কয়েকটি সুপারশপসহ দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।
এছাড়া বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। চারটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান অব্যাহত রাখার কথা বলা হয়েছে।