ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সিনিয়র সহ-সভাপতি ডা: এ কে এম ওয়ালীউল্লাহ বলেছেন, শান্তিকামী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, সচেতন না হলে আমাদের অবস্থাও ফিলিস্তিনে গাজার মতো হবে।

তিনি বলেন, ‘আজ গাজার মানুষ ইফতার করছে বোমার মুহুর্মুহু আক্রমণ ও আওয়াজের মধ্যে। ষড়যন্ত্রের বিরুদ্ধে কান খাড়া না রাখতে পারলে এবং ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে বাংলাদেশও গাজা হয়ে যেতে পারে। আমরা তো আজ শান্তিপূর্ণভাবে ইফতার করতে পারছি কিন্তু সামান্য অসচেতনায় আমাদের ওপর নেমে আসতে পারে বিপর্যয়।’

শনিবার (২২ মার্চ) মিরপুর-১৩ নম্বরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বুয়ামা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে এম ওয়ালীউল্লাহ বলেন, ‘বাংলাদেশে অন্যান্য সমস্যার মতো মেডিক্যাল সেক্টরের অবস্থাও হযবরল। গত ১৫ বছরে সমস্যার পাহাড় জমে গেছে। দলবাজি ছাড়া স্বাস্থ্য সেক্টরে আওয়ামী লীগ ইতিবাচক কিছু করেনি। মেডিক্যাল সেক্টরের সমস্যা সমাধানে বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। এনডিএফ সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে।’

বুয়ামার সভাপতি তৌহিদ বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান মেহমান ছিলেন স্বাস্থ্য অধিদফতরের হোমিও ও দেশজ চিকিৎসার পরিচালক ডা: মো: আবু জাহের, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক ডা. মো: গওসুল আজিম চৌধুরী, এনডিএফ’র ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি অধ্যাপক ডা: খয়বর আলী, বুয়ামার উপদেষ্টা ডা: টি এম শফিউল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: মঈন উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন ডা: এ এইচ এম মঈনুদ্দিন আহমেদ জিলানী, ডা: মকবুল হোসেন মিন্টু, ডা: হাসান আল বান্না প্রমুখ।