রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আরো পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া নেতারা হলেন পল্লবী থানা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রমজান আলী সিটু (৪৭), মোহাম্মদপুর থানা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: আলমগীর (৩৫), গুলশান থানা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) ও আওয়ামী লীগ মনোনীত ১৬ নম্বর ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান মো: আব্দুল কাদের (৫২)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সঙ্ঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাসস