মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং অ্যাজেন্সিস (বায়রা)।
আজ সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বায়রার সাধারণ সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার।
তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের মধ্যস্থতায় শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু হলেও একটি মহল ষড়যন্ত্র করছে।
বায়রার সদস্যরা বলেন, সরকারের উচিত স্বল্প খরচে এবং সহজ শর্তে বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করা।
তারা বলেন, অন্য ১৩টি দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রেখেছে। বাংলাদেশ যদি এ বাজার হারায় তাহলে প্রায় ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স হারাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আল সুপ্ত ওভারসীসের সত্ত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, পূরবী ইন্টারন্যাশনালের মোহাম্মদ মহিউদ্দিন, আর্থ স্মার্ট বাংলাদেশের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইএমএস ইন্টারন্যাশনালের এএমএস সাগর, তাসনিম ওভারসীসের মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, আল আকাবা অ্যাসোসিয়েটের মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, আল গিফারীর সাগর মাহমুদ, স্কাইল্যান্ড রিক্রুটিংয়ের মোহাম্মদ মনিরুজ্জামান, আরমান এয়ার ইন্টারন্যাশনালের অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাম হোসেন, ফ্রিডম ওভারসীসের কফিল উদ্দিন মজুমদার, এসএফ গ্লোবালের হাওলাদার ফোরকান উদ্দিন ও দুবাই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন।