মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী মিশন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দু’টি কুকরি চাপাতি উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।