বিএনপিকে অর্থিক সহযোগিতা দেয়াসহ নানা অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের রোষানলে পড়েন জাপান প্রবাসী ব্যবসায়ী সেলিম। এরপর শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা। সেই মামলায় জেলেও যেতে হয় তাকে। এখন আবার তাকে আওয়ামী দোসর বানিয়ে একের পর এক মিথ্যা মামলায় হচ্ছে। সকল ষড়যন্ত্রমূলক মামলা থেকে সেলিম প্রধানের মুক্তি দাবি জানানো হয়েছে।
বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তার স্বজন ও এলাকাবাসী প্রবাসী ব্যবসায়ী সেলিমের মুক্তি দাবি করেন।
সেলিম প্রধানের বোন স্মৃতি প্রধান বলেন, ছোটবেলা থেকে জাপানে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর উদ্যোগ নেন। জাপানের মতো করে নিজ এলাকাকে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা বাধা দেয়।
আওয়ামী লীগ সরকারের সময় সেলিম প্রধানকে বিএনপির অর্থদাতা হিসেবে চিহ্নিত করে মিথ্যা মামলায় আটক করে চার বছরের বেশি সময় কারাগারে রাখা হয়। রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। এখন আবার নতুন করে তাকে আওয়ামী লীগের সাথে জড়িয়ে মিথ্যা মামলায় জেলবন্দী রাখা হচ্ছে। আদালত থেকে জামিন পাওয়ার পর একাধিকবার জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হচ্ছে। তালিকাভুক্ত আসামি না হয়েও অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন।
স্মৃতি প্রধান বলেন, আমরা পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সেলিম প্রধানের বিষয়টি আপনি নিজে খতিয়ে দেখবেন। আমাদেরকে এই অন্যায় ও হয়রানির হাত থেকে মুক্ত করবেন।