রাজধানীর উত্তরায় একটি মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার পূর্ব থানার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফজলুল করিম উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১২ নম্বর বাসার মরহুম খবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

নিহতের স্ত্রী বিলকিস করিম জানান, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেল তার স্বামীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।