পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে সবাইকে এগিয়ে আসারও পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দেয়ার অংশ হিসেবে সানিডেলের ১২৪ জন শিক্ষার্থী বুধবার সংসদে আসে। তাদের সাথে ছিলেন ১৪ জন শিক্ষক।
সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের করণীয় নিয়েও কথা বলেন।
পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগে শিক্ষার্থীদেরও অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আত্মীয়স্বজনের বাড়ির আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে একে অপরকে গাছ উপহার দেয়ার মাধ্যমে বৃক্ষ উপহারের সংস্কৃতি গড়ে তোলার পরামর্শও দেন তিনি।
দেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নাগরিকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশের মতো বাংলাদেশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। কেউ রাস্তায় ময়লা-আবর্জনা ফেললে তাকে তা থেকে বিরত রাখতে বন্ধু ও স্বজনদের সচেতন করতে হবে।
লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানকার নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। বাংলাদেশেও প্রত্যেকে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখলে পুরো দেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে শিক্ষার্থীদের নজর রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসব কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর দেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সানিডেলের শিক্ষার্থীরা। তারা দেশের ইতিবাচক পরিবর্তন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়ার প্রতিশ্রুতি দেয়।