মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভূমিকম্প সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু‘টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়েছে। প্রস্তাবিত ব্যবস্থাসমূহের মধ্যে রয়েছে-

১. ভবন নির্মাণ : বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসরণ করে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ। ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবন সংস্কার।

২. অগ্নি প্রতিরোধ : বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

৩. ইউটিলিটি সার্ভিস : গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের সুরক্ষা নিশ্চিতকরণ।

৪. মহড়া : ভূমিকম্প মোকাবেলায় নিয়মিত মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম।

৫. জরুরি যোগাযোগ : ফায়ার সার্ভিস (১০২), অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বর সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে প্রদর্শন।

৬. স্বেচ্ছাসেবক : ভলান্টিয়ার প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় মানবসম্পদ প্রস্তুত।

৭. জরুরি সরঞ্জাম : টর্চলাইট, রেডিও, বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনো খাবার, পানি, ওষুধ, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, শিশুসেবা সামগ্রী ইত্যাদি সংরক্ষণ।

যোগাযোগ : মিডিয়া সেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, মোবাইল : ০১৭২২৮৫৬৮৬৭; হটলাইন : ১০২, ওয়েবসাইট : www.fireservice.gov.bd