একটি ব্যাংক চেকের ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আমলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন- এমন দাবি করে একটি ব্যাংক চেকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, চেকটি ভুয়া। ২০২২ সালে ঢাকা আইনজীবী সমিতিকে বার কাউন্সিলের আইনজীবী প্রণোদনা তহবিল থেকে দেয়া একটি চেক সম্পাদনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ভুয়া এই চেক তৈরি করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।