‘সাময়িকভাবে’ বন্ধ রাখা হয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল। শুক্রবার (২ মে) থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

নভোএয়ার সূত্রে জানা গেছে, তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারণে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০ এপ্রিল থেকে তারা টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এটা প্রচার হওয়ার পর আবারো টিকিট বিক্রি চালু করে। শুক্রবার থেকে আবারো ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। অনলাইনে টিকিট কেনার অপশনটিও বন্ধ রয়েছে সংস্থাটির।

ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সঙ্কটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়।

নভোএয়ার ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং অভ্যন্তরীণ রুটে সুনামের সাথে ফ্লাইট পরিচালনা করে আসছিল। এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো পরবর্তী পরিকল্পনা বা ফ্লাইট পুনরায় শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়নি।