রাজধানীতে বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।
সোমবার (১১ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিরর মাধ্যমে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসকল কর্মসূচির ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে, তথাপি, কারনে-অকারনে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।
এমতাবস্থায়, সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়।