বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যাস্ট্রা তাদের বহর সম্প্রসারণের অংশ হিসেবে আরো একটি উড়োজাহাজ যুক্ত করেছে। এতে সংস্থাটির বহরে এয়ারক্রাফট সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি।

সোমবার (১ জুন) এয়ার অ্যাস্ট্রা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফ্রান্সের টুলুজ থেকে আসা নতুন এটিআর৭২-৬০০ উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এটিকে ওয়াটার ক্যানন স্যালুট দেয়া হয়।

সংস্থাটি জানায়, এ বছরের জুলাইয়ের মধ্যে তাদের বহরে আরো দু’টি এয়ারক্রাফট যুক্ত হবে। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় তাদের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একইসাথে যাত্রীদের জন্য আরো আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, নতুন এটিআর৭২-৬০০ উড়োজাহাজটিতে প্র্যাট অ্যান্ড হুইটনি পিডব্লিউ১২৭এক্সটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা আঞ্চলিক উড্ডয়ন পরিচালনায় জ্বালানি সাশ্রয় এবং নির্ভরযোগ্যতার জন্য সুপরিচিত। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের বাড়তি আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উড়োজাহাজটিতে ৭২টি ‘গেভেন নিও প্রেস্টিজ’ আসন সংযোজন করা হয়েছে।

এটিআর৭২-৬০০ বিশ্বব্যাপী একটি বহুল ব্যবহৃত আঞ্চলিক টার্বোপ্রপ উড়োজাহাজ, যা সংক্ষিপ্ত দূরত্বের রুটে তার পরিচালন দক্ষতার জন্য বিশেষভাবে স্বীকৃত।

উড়োজাহাজটির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডেরিক ইনজা। তিনি ফ্রান্সে তৈরি এ এয়ারক্রাফট দিয়ে এয়ারলাইনসের বহর সম্প্রসারণকে স্বাগত জানান।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ সংস্থাটির ধারাবাহিক প্রবৃদ্ধি ও সম্প্রসারণে সহযোগিতার জন্য এয়ারলাইনসের কর্মী এবং সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।

এয়ার অ্যাস্ট্রার এ উন্নয়নমূলক মাইলফলক উদযাপনে একটি লাইভ অ্যাকোস্টিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বাসস