বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম শাহাদাত বার্ষিকী আজ শনিবার (৩ মে)। ২০১৪ সালের ৩ মে বিডিআর হত্যাযজ্ঞ মামলায় কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শনিবার বাদ আসর তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
পিন্টুর মৃত্যুতে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কারাগারে সরকারি নির্যাতনের শিকার হয়ে তিনি মারা গেছেন। চিকিৎসার জন্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে।
এছাড়াও এদিন দুপুরে আজিমপুর কবরস্থানে পিন্টুর কবর জিয়ারত করবেন ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সকল নেতাকর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।