দেশে বিপুল সংখ্যক অনিবন্ধিত ট্রাভেল অ্যাজেন্সি ব্যবসা পরিচালনা করছে। এসব অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

বৃহস্পতিবার (৮ মে) আটাবের পক্ষ থেকে বলা হয়েছে দেশের আনাচে-কানাচে, বড় বড় ভবনে, শপিং কমপ্লেক্সে, মোবাইল দোকান, কম্পিউটার কম্পোজ দোকান, ট্রেডিং অফিসসহ বিভিন্ন নামের দোকান, অফিসে বিভিন্ন অসাধু, নামসর্বস্ব প্রতিষ্ঠান ট্রাভেল অ্যাজেন্সি লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করছে। এর ফলে একদিকে বৈধ ট্রাভেল অ্যাজেন্সির সাথে তারা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে।

অন্যদিকে, যাত্রী সাধারণ তথা ভ্রমণপিপাসু লোকদের সাথে প্রতারণা ও বিভিন্ন প্যাকেজ, টিকেট ও সেবার নামে টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অবৈধ ট্রাভেল অ্যাজেন্সি নিবন্ধন সনদ গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। দেশব্যাপী সংশ্লিষ্ট সকলকে লাইসেন্স গ্রহণ, নবায়ন হালনাগাদ করে ব্যবসা করার জন্য সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে বলে জানানো হয়েছে। এমতাবস্থায় আটাব সদস্যদের ট্রাভেল অ্যাজেন্সি নিবন্ধন মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তাদের দ্রুত সময়ে নবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল অ্যাজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিবন্ধন নেই এবং নিবন্ধন সনদ নবায়ন করেনি এমন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে ট্রাভেল অ্যাজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন করা ছাড়া ট্রাভেল অ্যাজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কেউ তা করলে বাংলাদেশ ট্রাভেল অ্যাজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩; বাংলাদেশ ট্রাভেল অ্যাজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল অ্যাজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ অবস্থায় অনিবন্ধিত ট্রাভেল অ্যাজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল অ্যাজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি যেসব ট্রাভেল অ্যাজেন্সির নিবন্ধন সনদ মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও জরুরিভিত্তিতে সনদ নবায়নের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।