রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার একটি বাসার নিচতলায় হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন।

নিহত হুমায়ুন দয়াগঞ্জে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়।

যাত্রাবাড়ী ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, ‘আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচ তলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ওই পুলিশ সদস্যের লাশ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। তবে তিনি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, না তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান তালুকদার।