বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশী কর্মীরা।

বুধবার (৫ মার্চ) লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার (৪ মার্চ) স্থগিতাদেশ প্রত্যাহার করে।

দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। শর্তগুলো হলো ১. প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে। ২. ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশসাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ করে দেয়া হয়। এছাড়া অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের দেশটিতে না যাওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রেক্ষাপটে গত বছর ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশী কর্মীদের না যাওয়ার জন্য এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।

আর এই সময় থেকেই গত ৭ মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশ থেকে সে দেশে কর্মী পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।