ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর সভাপতি হোসেন সাদাতকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনারকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।
জনস্বার্থে জারি করা এ নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সূত্র : বাসস