রাজধানীর ওয়ারী থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সুভাষ দেউরীর গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর গ্রামে। তিনি শ্যামল দেউরীর ছেলে। বর্তমানে ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

আহত সুভাষ দেউরীকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট দুর্যয় সাহা জানান, রাতে সুভাষ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

তিনি জানান, দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকার পর স্বজনরা খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্যয় সাহা আরো জানান, ঘটনার পর আহত পুরোহিতের ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা সুভাষের সাথে থাকা মানিব্যাগ ও দু’টি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে আনা হয়েছে এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি জানান, দুর্বৃত্তরা তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।