রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে সিয়াম শেখ (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্বজনরা আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণ দুই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে স্ত্রী ও পরিবার নিয়ে শ্যামপুর সাধনা নিকেতন গলি ভাড়া থাকেন। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলে সিয়াম। এক বছর আগে বিয়ে করেন সিয়াম।
হাসপাতালে সিয়ামের ভাগনে মো: সালমান জানান, সিয়াম আগে ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন। দুই তিন মাস ধরে বেকার অবস্থায় ছিলেন। ২-৩ দিন আগে একই এলাকার দুই ভাই তাসিন ও সোয়াদের সাথে ঝগড়া হয়। এর জেরে আজকে রাতে দুই ভাই মিলে সিয়ামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জানতে পেরে ঘটনাস্থল থেকে সিয়ামকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি।
আরো জানা গেছে, নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।