স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
গেজেটে বলা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নম্বর ‘২৩. মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ শিরোনাম এবং উপশিরোনাম ‘এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন’ ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহ এবং উপশিরোনাম ‘বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’ ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স।
এর আগে ২০১৭ সালের ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ (জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ) গঠন করা হয়। তখন রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছিলেন। কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু'ভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল।