রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে এক আমেরিকান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ওই নাগরিকের নাম জ্যাকসন (৫০)। পুলিশ চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক ধারণা করা হচ্ছে জ্যাকসন নামে আমেরিকান নাগরিকের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

রোববার রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্যাকসন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের রুমটি নেন।‌ কিন্তু গত দুই দিন ধরে ওই ব্যক্তি কোনো ধরনের খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে মেডিক্যাল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। সেখানে গিয়ে দেখতে পাই, জ্যাকসন নামে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে বিছানায়।

ওসি হাফিজুর রহমান আরো জানান, পরে তার মৃত্যু স্বাভাবিক প্রতিয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে লাশটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন। আর যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তিনি হোটেল ওয়েস্টেনে ওঠেন।

তিনি আরো জানান, দূতাবাসের কোনো অভিযোগ না থাকায় লাশটি মিশনের লোকজন নিয়ে যান।