রাজধানীর উত্তরখানে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মোহাম্মদ মাসুদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের মো: চান মিয়ার ছেলে। বর্তমানে উত্তরখানের আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বোন আমেনা বেগম জানান, আমার ভাই একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। গতকাল রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালানোর সময় হঠাৎ অটোরিকশা উল্টে আমার ভাই গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।